ATN
শিরোনাম
  •  

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বন্ধ সব প্রবেশদ্বার

         
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বন্ধ সব প্রবেশদ্বার

বাংলাদেশ সচিবালয়

১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সব প্রবেশদ্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে তারা সেখানেই অবস্থান নেন।

নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের প্রতিটি গেটে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যানবাহন ও জনসাধারণের চলাচলেও নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, সচিবালয়ের সব গেট বন্ধ থাকায় সেখানে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। অনেককে গেটের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ, নথিপত্র জমা দেওয়া এবং বিভিন্ন মন্ত্রণালয়ে প্রবেশের জন্য আসা ব্যক্তিরা দীর্ঘ সময় বাইরে অবস্থান করেন।

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। বেলা ১১টার পর শুরু হওয়া ওই কর্মসূচি বৃষ্টির মধ্যেও অব্যাহত রাখেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সচিবালয় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ