ATN
শিরোনাম
  •  

জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয়

         
জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয়

লিওনেল মেসি। ফাইল ছবি

বিশ্বকাপের দায়িত্ব শেষ করে ক্লাবে ফিরেই আবারও নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। প্রথমবারের মতো শুরুর একাদশে নেমে জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৪-২ গোলের দারুণ জয় উপহার দেন আর্জেন্টাইন অধিনায়ক। তার দুর্দান্ত নৈপুণ্যে নতুন মৌসুমের লিগস কাপের প্রথম ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে হারিয়ে শুভ সূচনা করেছে মায়ামি।

বুধবার নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই চমক দেখায় সফরকারীরা। চতুর্থ মিনিটে দাভিদ রদ্রিগেসের হেডে এগিয়ে যায় সান লুইস। গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফেরে ইন্টার মায়ামি। নোয়া অ্যালেনের দারুণ ক্রস থেকে অসাধারণ ভলিতে সমতাসূচক গোল করেন মেসি। বিশ্বকাপের পর ক্লাবে ফিরে এটি ছিল তার প্রথম শুরুর একাদশে খেলা ম্যাচ, আর তাতেই গোল করে নিজের উপস্থিতির জানান দেন তিনি।

মেসির অনুপস্থিতিতে দলের আক্রমণভাগ সামলানো লুইস সুয়ারেজ এদিন খেলতে পারেননি। গত মৌসুমের লিগস কাপের ফাইনালে অসদাচরণের ঘটনায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করায় পুরো টুর্নামেন্টেই দলের বাইরে রয়েছেন উরুগুয়ের এই তারকা।

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ইন্টার মায়ামি। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মেসির বাড়ানো বল থেকে তেলাস্কো সেগোভিয়া জোরালো শটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আবারও নোয়া অ্যালেনের পাস থেকে বক্সের ভেতরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কর্নার থেকে হেডে দলের চতুর্থ গোলটি করেন মিকায়েল। বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

দ্বিতীয়ার্ধে রাফা লোরেন্তের দূরপাল্লার দুর্দান্ত গোলে ব্যবধান কিছুটা কমায় সান লুইস। এরপর ভারী বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকলেও পুনরায় শুরু হওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।

এই ম্যাচে জোড়া গোল করে নতুন একটি রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালে সম্প্রসারিত আকারে শুরু হওয়া লিগস কাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন লস অ্যাঞ্জেলেস এফসির তারকা দেনি বুয়াঙ্গাকে। একই সঙ্গে লিগস কাপে ১২ ম্যাচে এটি ছিল মেসির পঞ্চম জোড়া গোলের ম্যাচ।

অন্যদিকে, নোয়া অ্যালেনও ব্যক্তিগত কীর্তি গড়েছেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ম্যাচে তিনটি গোলে সহায়তা করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার।

তবে জয়ের মাঝেও কিছুটা দুশ্চিন্তায় পড়েছে ইন্টার মায়ামি। ম্যাচের ৮৩তম মিনিটে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি বাম হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার চোটের অবস্থা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ক্লাব।

২০২৩ সালে মেসির যোগদানের পর প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। এবারও তার নেতৃত্বে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে দলটি। লিগস কাপে নিজেদের পরবর্তী ম্যাচে শনিবার মনতেরেইয়ের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। অন্যদিকে রোববার ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামবে আতলেতিকো দে সান লুইস।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ