ATN
শিরোনাম
  •  

পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

         
পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস। ফাইল ছবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স প্রাঙ্গণে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জাতীয় সঙ্গীতের তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং পাকিস্তানি নাগরিকরা উপস্থিত ছিলেন।

পরে হাইকমিশনের সম্মেলনকক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তাদের পাশাপাশি সার্ক চেম্বার্স উইমেন এন্টারপ্রেনার কাউন্সিলের চেয়ারপার্সন হিনা মনসাব খান এবং রাষ্ট্রদূত সালাউদ্দিন চৌধুরী বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য গৌরব, বিজয় এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। তিনি বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কথা স্মরণ করে বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে, বৈষম্যমুক্ত ও সামাজিক ন্যায়ভিত্তিক একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

অনুষ্ঠানের শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ