ATN
শিরোনাম
  •  

বহিষ্কৃত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

         
বহিষ্কৃত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

গাজী সালাউদ্দিন তানভীর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বগুড়া সদর থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে তিনি পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে অব্যাহতি দেয় এনসিপি।

এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়। ওই পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ