ATN
শিরোনাম
  •  

আম্পায়ার সৈকতের পদত্যাগ নিয়ে বিসিবির ব্যাখ্যা

         
আম্পায়ার সৈকতের পদত্যাগ নিয়ে বিসিবির ব্যাখ্যা

আম্পায়ার সৈকতের পদত্যাগ নিয়ে বিসিবির ব্যাখ্যা

আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিভিত্তিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। সম্প্রতি বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হলেও বোর্ড জানিয়েছে, এটি মূলত চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং আন্তর্জাতিক দায়িত্ব বৃদ্ধির স্বাভাবিক পরিণতি।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, শরফুদ্দৌলার সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ মূলত ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। পরে তা ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে চুক্তি নবায়ন করা হয়নি।

বোর্ডের ভাষ্য অনুযায়ী, আইসিসির এলিট প্যানেলের সদস্য হিসেবে শরফুদ্দৌলার আন্তর্জাতিক দায়িত্ব ক্রমাগত বেড়েছে। ফলে বিসিবির হয়ে আগের মতো নিয়মিত দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ কারণেই উভয় পক্ষের সমঝোতায় চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

বিসিবি আরও জানায়, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের জাতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রচলিত নয়। কারণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ব্যস্ততার সঙ্গে জাতীয় বোর্ডের সূচির সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। তবে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও বিসিবি তাকে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ঘরোয়া ফার্স্ট-ক্লাস, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার দায়িত্ব দিতে পারবে। এরই ধারাবাহিকতায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৬ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করেন সৈকত।

এর আগে ২০২৫ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। এ ছাড়া সংবাদমাধ্যমে আম্পায়ারদের নিয়ে কথা বলায় তাকে সবমিলিয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও ৪ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে সেই শাস্তি বাতিল হয়ে যায় অবিশ্বাস্যভাবে। একজন ক্রিকেটারের শাস্তির ইস্যুতে বোর্ডের হস্তক্ষেপ মোটেও ভালোভাবে নেননি সৈকত। তখনই তিনি আর দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করবেন না বলে জানিয়ে দেন। সেই ইস্যুটিকে এবারও তার পদত্যাগের কারণ বলে গুঞ্জন ওঠে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ