ATN
শিরোনাম
  •  

রোমান্টিক ছবির সঙ্গে সুখবর দিলেন দেব-শুভশ্রী

         
রোমান্টিক ছবির সঙ্গে সুখবর দিলেন দেব-শুভশ্রী

রোমান্টিক ছবির সঙ্গে সুখবর দিলেন দেব-শুভশ্রী

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীর রসায়ন বরাবরই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের। বহু প্রতীক্ষিত ‘ধুমকেতু’ ছবির ট্রেলার উন্মোচনের এক বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোমান্টিক কিছু ছবি শেয়ার করে সেই স্মরণীয় দিনের কথা তুলে ধরেছেন দুই তারকা। একই সঙ্গে ভক্তদের জন্য দিয়েছেন নতুন সিনেমার সুখবরও।

২০১৫ সালে নির্মাণের পর নানা জটিলতায় থমকে গিয়েছিল ‘ধুমকেতু’র মুক্তি। তবে গত বছর নেতাজি ইনডোর স্টেডিয়ামে নাচ, গান আর খোশগল্পের মধ্য দিয়ে যখন ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসে, তখন মঞ্চজুড়ে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।

সেই বিশেষ দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভশ্রীর সঙ্গে একাধিক রোমান্টিক ছবি শেয়ার করেছেন দেব ও শুভশ্রী। ক্যাপশনে আবেগঘন কণ্ঠে দেব লিখেছেন, ‘এক বছর আগে, বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। এই অসাধারণ দিনটাকে সম্ভব করে তোলার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

দেব আরও বলেন, ‘DeSu’ জুটির প্রতি দর্শকদের ভালোবাসা ও সমর্থন আজও অটুট রয়েছে। এই বিশ্বাসের মর্যাদা রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ভবিষ্যতেও দর্শকদের নিরাশ করবেন না। শুভশ্রীও একই পোস্ট শেয়ার করে সেই স্মৃতিময় মুহূর্তে ভক্তদের অংশীদার করেন।

এদিকে শুধু স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকেননি দেব। জানিয়েছেন, ‘ধুমকেতু’র পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন তিনি ও শুভশ্রী। নতুন সিনেমা ‘দেশু ৭’-এ জুটি বাঁধছেন এই দুই তারকা। ছবিটির বিশেষ আকর্ষণ, অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করবেন দেব। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন পর দেব-শুভশ্রীর নতুন সিনেমার ঘোষণা ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এখন দর্শকদের অপেক্ষা, কবে বড় পর্দায় আবারও প্রিয় এই জুটিকে একসঙ্গে দেখা যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ