ATN
শিরোনাম
  •  

জবিতে ছাত্রশিবির-ছাত্রশক্তি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১৫

         
 জবিতে ছাত্রশিবির-ছাত্রশক্তি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১৫

জবিতে ছাত্রশিবির-ছাত্রশক্তি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রশিবির-ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড নিয়ে প্রবেশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহতরা।

আহতদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য আব্দুল ফারুক, আকিব, ছাত্রশক্তির সভাপতি শহীদ মিয়া, সাধারণ সম্পাদক ফিরদৌস শেখসহ একাধিক শিক্ষার্থী রয়েছেন।

আহতরা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু এবং মেডিকেল সেন্টারের উন্নয়নের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনের সময় তাদের ওপর হামলা করা হয়।

এ বিষয়ে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “প্রক্টর ছাত্রদল হয়ে গেছে নাকি ছাত্রদল প্রক্টরের ভূমিকায়? আমন্ত্রণ জানিয়েও অডিটোরিয়ামে প্রবেশে বাধা। ধাক্কাধাক্কি করা শুধু ছাত্রদলের দ্বারাই সম্ভব।”

জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং জকসুর প্রতিনিধিদের ধাক্কা দেওয়া হয়েছে। তিনি ঘটনার বিচার দাবি করেন।

এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে আন্দোলনের সময় হঠাৎ হামলা চালানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং জকসুর সদস্যদের ওপরও আক্রমণ করা হয়েছে।

তবে এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ