ATN
শিরোনাম
  •  

ফকল্যান্ড জার্সি উন্মোচন, নতুন বিতর্কে আর্জেন্টিনা

         
ফকল্যান্ড জার্সি উন্মোচন, নতুন বিতর্কে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। দেশটির দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব আলমিরান্তে ব্রাউন মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি তুলে ধরে বিশেষ একটি জার্সি উন্মোচন করেছে।

রোববার কর্দোবার রেসিংয়ের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো এই বিশেষ জার্সি পরে মাঠে নামে আলমিরান্তে ব্রাউন। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, মালভিনাস দ্বীপপুঞ্জের প্রতি শ্রদ্ধা জানিয়ে জার্সিটি তৈরি করা হয়েছে।

জার্সির সামনের অংশে বড় অক্ষরে লেখা রয়েছে— “মালভিনাস আর্জেন্টিনার”। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা দলের ফুটবলাররা যে একই বার্তাসংবলিত ব্যানার নিয়ে মাঠে দাঁড়িয়েছিলেন, সেই নকশার আদলেই তৈরি করা হয়েছে নতুন জার্সিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের একাদশের ছবি প্রকাশ করে ক্লাবটি লিখেছে, “ওগুলো আর্জেন্টিনারই।”

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত, ব্রিটেন থেকে প্রায় আট হাজার মাইল এবং আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০ মাইল দূরে অবস্থিত। দ্বীপপুঞ্জটির মালিকানা নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ১৯৮২ সালে এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল।

ক্লাবটি ম্যাচের আগে এক বার্তায় জানায়, “চিরকাল আর্জেন্টিনার—মালভিনাস দ্বীপপুঞ্জকে শ্রদ্ধা জানিয়ে তৈরি এই বিশেষ জার্সি আজ প্রথমবারের মতো ব্যবহার করা হবে।”

নতুন জার্সিতে ক্লাবের ঐতিহ্যবাহী হলুদ-কালো ডোরাকাটা নকশার পরিবর্তে আকাশি ও সাদা অনুভূমিক রেখা ব্যবহার করা হয়েছে, যা আর্জেন্টিনা জাতীয় দলের রঙের সঙ্গে মিল রয়েছে। জার্সির পেছনে খেলোয়াড়দের নম্বরের নিচে রয়েছে অধিনায়ক লিওনেল মেসির ছায়াচিত্র, যেখানে তাকে দুই হাতের তর্জনী আকাশের দিকে তুলে গোল উদ্‌যাপনের ভঙ্গিতে দেখা যায়।

এদিকে বিশ্বকাপে একাধিক ঘটনার জেরে আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর খেলোয়াড়দের হাতে দেখা যাওয়া একই বার্তাসংবলিত ব্যানারের বিষয়টিও রয়েছে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ওই বার্তাকে সমর্থন করে বলেন, এটি আর্জেন্টিনাবাসীর অনুভূতির প্রতিফলন। তবে এ ঘটনার কারণে দলকে আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ