ATN
শিরোনাম
  •  

ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, চলতে পারে দুপুর পর্যন্ত

         
ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, চলতে পারে দুপুর পর্যন্ত

ঢাকায় স্বস্তির বৃষ্টি

কয়েক দিনের ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে নগরবাসীর মাঝে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় থেমে থেমে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ