ATN
শিরোনাম
  •  

জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে: গোলাম পরওয়ার

         
জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে: গোলাম পরওয়ার

জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নতুন সরকারের পাঁচ মাসের মধ্যেই দেশে জনদুর্ভোগ বেড়েছে এবং মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, লুটপাট, চাঁদাবাজি, দলীয়করণ ও দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে।

সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট এবং বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। গ্যাসের অভাবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে এবং নারীরা রান্নার সামগ্রী নিয়ে রাজপথে বিক্ষোভে নামতে বাধ্য হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। তার দাবি, একদিকে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, অন্যদিকে উৎপাদন কমে যাচ্ছে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান বা উৎপাদন বৃদ্ধিতে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। পাশাপাশি এলপিজির মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে।

তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে পোশাক, সার ও ইস্পাত শিল্পে উৎপাদন কমে গেছে এবং সিএনজি স্টেশনগুলোতেও তীব্র সংকট সৃষ্টি হয়েছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিদ্যুৎ খাতের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ‘ভুতুড়ে বিল’ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। প্রকৃত ব্যবহার না হলেও গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে, যা নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে চাল, ডাল, চিনি, কাঁচা মরিচ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথাও তুলে ধরেন তিনি।

সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সরকার বর্তমানে সংবিধান নিয়ে ব্যস্ত থাকলেও জনগণের দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। রক্তাক্ত জুলাই সনদের ভিত্তিতে বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনকারী দলগুলোর বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

গ্যাস সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি জরুরি। একই সঙ্গে প্রশাসনে দলীয়করণ বন্ধ করে জনগণের দুর্ভোগ লাঘবে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ের শেষদিকে তিনি জনগণকে চলমান জনদুর্ভোগের বিষয়ে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ