ATN
শিরোনাম
  •  

বনানী আবাসিক এলাকার নিরাপত্তা জোরদারে র‌্যাব-১ ও বনানী সোসাইটির সমন্বয় সভা অনুষ্ঠিত

         
বনানী আবাসিক এলাকার নিরাপত্তা জোরদারে র‌্যাব-১ ও বনানী সোসাইটির সমন্বয় সভা অনুষ্ঠিত

বনানী আবাসিক এলাকার নিরাপত্তা জোরদারে র‌্যাব-১ ও বনানী সোসাইটির সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজধানীর বনানী আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে র‌্যাব-১ ও বনানী সোসাইটির প্রতিনিধিদের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় বনানী রোড-৭-এর বাড়ি নম্বর-২১, দিলন টাওয়ারের নিচতলায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান, পিএসসি।

সভায় উপস্থিত ছিলেন র‌্যাব-১-এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন, গুলশান-বনানী এলাকার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর রবিউল আলম, পদাতিক, র‌্যাব-১-এর অন্যান্য কর্মকর্তা এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া দিলনসহ সোসাইটির নিরাপত্তা দলের কর্মকর্তা ও সদস্যরা।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদকবিরোধী অভিযান, ছিনতাই, চোরাচালান, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাবের কার্যক্রম সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। একই সঙ্গে আলোচিত বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে বাহিনীটি সুনাম অর্জন করেছে।

সমন্বয় সভায় বনানী আবাসিক এলাকার নিরাপত্তা আরও জোরদারের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল চুরি ও ছিনতাই প্রতিরোধ, আবাসিক এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি নির্মূল এবং কিশোর গ্যাং দমনে র‌্যাব ও বনানী সোসাইটির যৌথ উদ্যোগে কাজ করার বিষয়।

সভায় আরও উল্লেখ করা হয়, বনানী রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও অভিজাত আবাসিক এলাকা হওয়ায় এখানকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, র‌্যাব-১ এবং বনানী সোসাইটির মধ্যে সমন্বিত ও ধারাবাহিক সহযোগিতা অপরিহার্য। এ লক্ষ্যে ভবিষ্যতেও পারস্পরিক সমন্বয় ও যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ