ATN
শিরোনাম
  •  

গ্যাস ও কাঁচামাল সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদনে ধাক্কা, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা

         
গ্যাস ও কাঁচামাল সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদনে ধাক্কা, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা

গ্যাস ও কাঁচামাল সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদনে ধাক্কা, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা

চট্টগ্রাম, গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের চারটি সার কারখানার মধ্যে তিনটির উৎপাদন স্বাভাবিক নেই। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ রয়েছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল), আর গ্যাস সংকটের কারণে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) সীমিত পরিসরে উৎপাদন চলছে। এতে আসন্ন আমন মৌসুমে সার সরবরাহ নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে চট্টগ্রামে চারটি সার কারখানা রয়েছে। এর মধ্যে সিইউএফএল ও কাফকো ইউরিয়া, ডিএপিএফসিএল ডিএপি এবং টিএসপি কমপ্লেক্স টিএসপি সার উৎপাদন করে।

গ্যাস সংকটের কারণে আনোয়ারার সিইউএফএল গত ৪ মার্চ ২০২৬ থেকে বন্ধ রয়েছে। কারখানার প্রধান রসায়নবিদ উত্তম চৌধুরী জানান, ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার টন ইউরিয়া উৎপাদন হয়েছে। আগের অর্থবছরে উৎপাদন হয়েছিল প্রায় ১ লাখ ৫ হাজার টন। নিয়মিত গ্যাস সরবরাহ পেলে চলতি অর্থবছরে প্রায় ১ লাখ ৫০ হাজার টন উৎপাদন সম্ভব হতো।

অন্যদিকে, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপিএফসিএলে কাঁচামাল ফসফরিক অ্যাসিডের সংকটে টানা এক মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ রয়েছে। গত ২৮ জুন থেকে কারখানাটি সম্পূর্ণভাবে উৎপাদন বন্ধ করে দেয়।

কারখানা সূত্র জানায়, ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির জন্য দরপত্রের মাধ্যমে কার্যাদেশ দেওয়া হলেও মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত কারণে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে কাঁচামাল পৌঁছেনি। ফলে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। ডিএপিএফসিএলের ২০২৫-২৬ অর্থবছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ মেট্রিক টন এবং দুটি ইউনিটের সম্মিলিত দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ মেট্রিক টন।

ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, ফসফরিক অ্যাসিডের সংকটের কারণে উৎপাদন বন্ধ রয়েছে। দ্রুত উৎপাদন শুরু করার চেষ্টা চলছে।

এদিকে, কর্ণফুলীর রাঙ্গাদিয়ায় অবস্থিত কাফকোতে গ্যাস সরবরাহ সীমিত হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কারখানাটির দৈনিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন এবং অ্যামোনিয়া উৎপাদন ক্ষমতা প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন। কাফকোর চিফ পার্সোনেল আবদুল্লাহ ফারুক বলেন, উৎপাদন চালু থাকলেও গ্যাস ব্যবহারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এদিকে, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির কারণে বোরো চাষ কমে যাওয়ায় কৃষকদের আমন মৌসুমের ওপর নির্ভরশীলতা বেড়েছে। চলতি মৌসুমে চট্টগ্রাম জেলায় আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৮০ হেক্টর।

জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, আমন মৌসুমে চট্টগ্রামে ইউরিয়া সারের চাহিদা ৪৭ হাজার ৩৬৬ মেট্রিক টন, টিএসপি ২৪ হাজার ৬২৭ মেট্রিক টন, ডিএপি ২৫ হাজার ৫৪২ মেট্রিক টন এবং এমওপি ১২ হাজার ৮৪৩ মেট্রিক টন।

মাঠপর্যায়ের কৃষকদের আশঙ্কা, বর্তমানে গুদামে পর্যাপ্ত সার মজুত থাকলেও উৎপাদনকারী কারখানাগুলো দীর্ঘদিন বন্ধ থাকলে মৌসুমের মাঝামাঝি সময়ে সরবরাহে চাপ সৃষ্টি হতে পারে। বিশেষ করে ইউরিয়া ও ডিএপি সারের সরবরাহ বিঘ্নিত হলে সময়মতো সার সংগ্রহে ভোগান্তি বাড়বে এবং ধানের ফলনও ক্ষতিগ্রস্ত হতে পারে।

আনোয়ারা ও বোয়ালখালীর কয়েকজন কৃষক বলেন, আমন এখন অনেক কৃষকের প্রধান ভরসা। তাই ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত সার মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনকারী কারখানাগুলো দ্রুত চালুর দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, দেশের শিল্প খাতে চলমান গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

তবে কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সার সংকটের আশঙ্কা নাকচ করেছেন। তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং পাইপলাইনে প্রয়োজনীয় সরবরাহও আছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আপ্রু মারমা বলেন, বর্তমানে চট্টগ্রামে যে পরিমাণ রাসায়নিক সার মজুত রয়েছে, তা দিয়ে অন্তত তিন মাসের চাহিদা পূরণ সম্ভব। ফলে তাৎক্ষণিকভাবে সার সংকটের আশঙ্কা নেই।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ