ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে ১৫ কোটি টাকার জমির ফাইলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল, গ্রেফতার ১

         
কেরানীগঞ্জে ১৫ কোটি টাকার জমির ফাইলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল, গ্রেফতার ১

কেরানীগঞ্জে ১৫ কোটি টাকার জমির ফাইলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল, গ্রেফতার ১

ঢাকার কেরানীগঞ্জে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি জমির নথিতে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের স্বাক্ষর জাল করার অভিযোগে মো. সুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকার বাসিন্দা।

সোমবার (৩ আগস্ট) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের ভূমি অফিসে একটি মিসকেসের শুনানি চলাকালে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। শুনানির সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া নথিপত্র যাচাই-বাছাই করতে গিয়ে দেখতে পান, একটি আবেদনে তাঁর নামে ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, মান্দাইল মৌজার ৫২ শতাংশ জমি সংক্রান্ত ওই মামলার জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। শুনানির সময় মো. সুমন একটি আবেদন জমা দিলে তা পরীক্ষা করে এসিল্যান্ড নিশ্চিত হন যে নথিতে থাকা স্বাক্ষরটি তাঁর নয়। এরপরই তিনি তাৎক্ষণিকভাবে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে আটিবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ভূমি অফিসে গিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেফতার করে।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া জানান, সরকারি নথিতে স্বাক্ষর জাল করার বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ভূমি অফিসের অফিস সহায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, জাল স্বাক্ষর ব্যবহারের ঘটনায় তদন্ত চলছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্ট : শাহিন গাজী/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ