ATN
শিরোনাম
  •  

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

         
বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালতে তার শর্তসাপেক্ষ জামিন বাতিলের জন্য সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে। এ কারণে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, ইউএইর আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগ না করার শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি সরকার রোববার বিকেলে জানতে পারে। এরপরই সরকারের নিয়োজিত ল ফার্মকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সচিব ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে আদালতের দেওয়া জামিনের শর্তাবলির প্রত্যয়িত (সার্টিফায়েড) কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, সরকারের নিয়োজিত ল ফার্মকে বেনজীর আহমেদের প্রত্যাবর্তন-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র আদালতে দাখিল করে জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

সরকার দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার পরও কীভাবে তিনি জামিন পেলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের পূর্ণাঙ্গ আদেশ না দেখে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তবে জামিনের শর্তাবলি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ