ATN
শিরোনাম
  •  

সুদানে ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

         
সুদানে ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

সুদানে ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলা

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে একটি ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুরে উত্তর দারফুর রাজ্যের গারা আল-জাওয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। সে সময় স্থানীয় বিভিন্ন বিরোধ ও মামলার শুনানিতে অংশ নিতে আদালত প্রাঙ্গণে বহু মানুষ জড়ো হয়েছিলেন।

ইমার্জেন্সি লইয়ার্সের দাবি, হামলায় আদালতের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এলাকাটি আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে জানান, আদালতের কার্যক্রম একটি গাছের নিচে পরিচালিত হচ্ছিল এবং সেখানে স্থানীয় সম্প্রদায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন উপজাতীয় নেতা এবং আরএসএফের দুইজন কমান্ডার রয়েছেন।

গারা আল-জাওয়া গ্রামটি দারফুর অঞ্চলের এল-ফাশের শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে কাবকাবিয়া শহরের কাছে অবস্থিত। এল-ফাশের ছিল দারফুরে সুদানি সেনাবাহিনীর সর্বশেষ বড় ঘাঁটি, যা গত বছরের অক্টোবরে রক্তক্ষয়ী অভিযানের মাধ্যমে আরএসএফের নিয়ন্ত্রণে যায়।

এর আগে জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছিলেন, এল-ফাশের অবরোধ ও দখলকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় গণহত্যার লক্ষণ দেখা গেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক মিত্র, আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর অনুগত বাহিনীর মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে সংঘাতের উভয় পক্ষই ড্রোন হামলার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ড্রোন হামলায় এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ সুদানের চলমান সংঘাতকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ