ATN
শিরোনাম
  •  

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলা, নিহত ১৪

         
 পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলা, নিহত ১৪

খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি আত্মঘাতী হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সোয়াত জেলার কাবাল শহরের একটি পুলিশ স্টেশনের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করলে তিনি নিজের শরীরে বাঁধা বিস্ফোরক বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে।

আহতদের দ্রুত উদ্ধার করে সাইদু শরিফের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করতে অভিযান শুরু করে। একই সঙ্গে হামলার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা উমর খান।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ