ATN
শিরোনাম
  •  

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

         
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে পাওয়া জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, স্বরাষ্ট্রসচিব সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং কয়েকদিন আগে নিয়োগ দেওয়া ল ফার্মকে জামিন বাতিলের আবেদন এগিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে। জামিনের পূর্ণাঙ্গ শর্তাবলি জানতে আদালতের প্রত্যয়নিত অনুলিপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত ল ফার্মকে জামিন বাতিলের আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সরকারের প্রচেষ্টা সফল হবে এবং জামিন বাতিলের পর বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এতে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ