ATN
শিরোনাম
  •  

কাদামাখা পথ মাড়িয়ে পঙ্গু নজরুলের দুয়ারে খাদ্য ও অর্থ সহায়তা নিয়ে হাজির আমতলীর ইউএনওর

         
কাদামাখা পথ মাড়িয়ে পঙ্গু নজরুলের দুয়ারে খাদ্য ও অর্থ সহায়তা নিয়ে হাজির আমতলীর ইউএনওর

কাদামাখা পথ মাড়িয়ে পঙ্গু নজরুলের দুয়ারে খাদ্য ও অর্থ সহায়তা নিয়ে হাজির আমতলীর ইউএনওর

অর্থসংকটে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া পঙ্গু নজরুলের পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। কাদামাখা ও পিচ্ছিল গ্রামীণ কাঁচা রাস্তা জুতো খুলে খালি পায়ে হেঁটে অবশেষে তিনি পৌঁছান অসহায় নজরুলের বাড়িতে। সঙ্গে করে নিয়ে যান জরুরি খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা। ইউএনও-র এমন মানবিকতা স্পর্শ করেছে স্থানীয়দের মন, প্রশংসায় ভাসছেন প্রশাসনের এই কর্মকর্তা।

স্থানীয় সূত্র জানায়, আমতলীর বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছিলেন। সাম্প্রতিক সময়ে তীব্র অর্থসংকটে পড়ে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিষয়টি নজরে আসার পরপরই কালবিলম্ব না করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নজরুলের খবরের সত্যতা যাচাই এবং সহায়তা পৌঁছাতে সরেজমিনে ছোটেন ইউএনও।

বৃষ্টিবাদলের এই দিনে গ্রামের কাঁচা রাস্তাটি ছিল অত্যন্ত পিচ্ছিল ও কাদা-পানিতে একাকার। কিন্তু সেই প্রতিকূলতাও তাঁকে থামাতে পারেনি। জুতো খুলে খালি পায়ে হেঁটে গ্রামের ভেতরের সেই দুর্গম পথ পাড়ি দেন তিনি।

ইউএনও-র এই মানবিক অভিযাত্রায় তাঁর সঙ্গে ছিলেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনজুরুল হক কাউসার এবং উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী। তাঁরা নজরুলের হাতে খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেন। একই সঙ্গে ভবিষ্যতে নজরুলের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন সাদামাটা ও মানবিক উদ্যোগ দেখে মুগ্ধ এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা আবেগপ্লুত হয়ে জানান, "উপজেলার একজন সর্বোচ্চ কর্মকর্তা হয়েও এভাবে খালি পায়ে কাদাপানি পেরিয়ে একজন পঙ্গু মানুষের পাশে এসে দাঁড়াবেন, তা আমরা ভাবতেও পারিনি। একজন প্রশাসনিক কর্মকর্তার এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, জনসেবা ও আর্তপীড়িতের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্বের অংশ। অর্থভাবে কোনো মানুষের চিকিৎসা বন্ধ থাকবে—এটা হতে পারে না। নজরুলের চিকিৎসা ও স্বাভাবিক জীবনযাত্রায় প্রশাসনের এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ