ATN
শিরোনাম
  •  

জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে শিল্পকলার বিশেষ আয়োজন

         
জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে শিল্পকলার বিশেষ আয়োজন

জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে শিল্পকলার বিশেষ আয়োজন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদ ও আহত বীর যোদ্ধাদের পরিবারকে সম্মান জানানো হবে।

আগামী সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আয়োজকদের ভাষ্য, “যে জুলাই জাগিয়েছিল সাহসের অগ্নিশিখা, যে জুলাই লিখেছিল মানুষের মুক্তির গান— সেই জুলাই আজও বেঁচে আছে আমাদের কণ্ঠে, আমাদের স্বপ্নে, আমাদের আগামীতে।” সেই চেতনা ধারণ করেই স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

স্মরণসভার পাশাপাশি থাকছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। ‘মুক্তির মন্দির সোপান তলে’ সমবেত যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

সাংস্কৃতিক পর্বে ‘ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস’ পরিবেশনা করবে। কবিতা আবৃত্তি করবেন এনামুল হক জুয়েল, সীমা ইসলাম, ইকবাল আহমেদ, ফারজানা এলি ও টিটো মুনসী। সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মনির খান, পিয়াল হাসান ও ইউসুফ আহমেদ খান।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের সমবেত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত এই বিশেষ আয়োজন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ