ATN
শিরোনাম
  •  

জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স

         
জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স

জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স

সদ্য সমাপ্ত জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা হিসাবে) প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ১৫ দশমিক ৪ শতাংশ।

এর আগে, গত অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। সেই তুলনায় জুলাই মাসেও প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য আরও বলছে, ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) পুরো ১২ মাসে বৈধ চ্যানেলে দেশে এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ সহজ হওয়ায় সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ