ATN
শিরোনাম
  •  

কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যার অভিযোগ, থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের

         
কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যার অভিযোগ, থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের

কলাবাগানের কাঁঠালবাগান এলাকা

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঁঠালবাগান এলাকার আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৩৫)। ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শিপনের সঙ্গে স্ত্রী রাত্রির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে শিপন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করেন।

ওসি আরও জানান, ঘটনার পর শিপন নিজেই কলাবাগান থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, রাত্রির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। তবে বিচ্ছেদের পরও তারা একই বাসায় একসঙ্গে বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ