ATN
শিরোনাম
  •  

হামলার শঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

         
হামলার শঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

হামলার শঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে সতর্কতা

উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তদের সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের ব্যবহৃত যানবাহনের নিরাপত্তা জোরদারে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে মাঠপর্যায়ের সব ইউনিটে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণে ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামাতে হলে তা নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং সার্বক্ষণিক পুলিশের নজরদারিতে রাখতে হবে।

এছাড়া ডিউটি শেষে থানা, অফিস কম্পাউন্ড ও পুলিশ লাইন্সে রাখা সব যানবাহনের নিরাপত্তাও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, পর্যাপ্ত নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে জানান, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত এ ধরনের নির্দেশনা দিয়ে থাকে। পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও সতর্ক রাখতেই এই বার্তা পাঠানো হয়েছে। এতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সম্প্রতি রাজধানীতে একাধিক সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে শক্তিশালী আইইডি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়। পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও আতঙ্ক ছড়ায়, যদিও পরে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

সবশেষ শুক্রবার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পৃথক দুটি সন্দেহজনক ব্যাগ ও বস্তা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল পরীক্ষা করে জানায়, সেখানে কোনো বিস্ফোরক ছিল না।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই সারাদেশে এই সতর্কতা জারি করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ