ATN
শিরোনাম
  •  

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শুরু ২৯ অক্টোবরে

         
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শুরু ২৯ অক্টোবরে

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শুরু ২৯ অক্টোবরে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তাদের পদায়ন সম্পন্ন হওয়ার পর পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদান নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে তাদের যোগদান বিলম্বিত হয়েছে। তবে আগামী ২৯ অক্টোবরের মধ্যেই তাদের যোগদান সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ অক্টোবর যোগদানের পর নতুন সহকারী শিক্ষকদের পদায়ন করা হবে। এরপর তাদের জন্য পেশাগত প্রশিক্ষণের আয়োজন করা হবে।

এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানানো হয়। পরে গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের সব ধাপ শেষ হলেও নির্বাচিত প্রার্থীরা এখনো যোগদান করতে পারেননি। এ নিয়ে গত এপ্রিলের শেষ দিকে রাজধানীতে আন্দোলন করেন তারা। পরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের যোগদান নিশ্চিত করা হবে। পাশাপাশি পদায়নের পর পেশাগত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ