ATN
শিরোনাম
  •  

আগস্টজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস, বন্যার শঙ্কা

         
আগস্টজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস, বন্যার শঙ্কা

আগস্টজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস, বন্যার শঙ্কা

চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। উজানে ভারী বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) প্রকাশিত আগস্ট মাসের পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, মাসের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে। তবে এ সময় সমুদ্র তুলনামূলক শান্ত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে এবং সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারির প্রয়োজন হতে পারে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধস এবং উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকিও বাড়তে পারে।

মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির কারণে একাধিক নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এছাড়া মাসের শেষ সপ্তাহে দক্ষিণ ও পূর্বাঞ্চলেও বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিডব্লিউওটি জানিয়েছে, আগস্ট মাসে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে বৃষ্টির বিরতিতে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

এদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাপ্রবাহের অংশ হিসেবে ১৪ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ ঘটবে। তবে এ দুটি গ্রহণের কোনোটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ু সংবাদ


অন্যান্য সংবাদ