ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নামছেন মেসি

         
বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নামছেন মেসি

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নামছেন মেসি

২০২৬ বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনাল শেষে আবারো প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আগামীকাল সকালে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামবেন তিনি। এটিই হবে বিশ্বকাপ বিরতির পর ক্লাব ফুটবলে তার প্রথম ম্যাচ।

দীর্ঘ ছুটি শেষে গত শুক্রবার প্রথমবারের মতো ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। তার সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলকেও অনুশীলনে দেখা গেছে। আগামীকাল কলম্বাস ক্রুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তাদের দুজনকে ইতোমধ্যেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মেসি ও ডি পলের ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন দলের কোচ গিয়ের্মো হোয়োস। তিনি সংবাদমাধ্যমকে জানান, মেসি সবেমাত্র দলে ফিরেছেন, তাই তার সঙ্গে এখনো বিস্তারিত আলোচনার সুযোগ হয়নি। তবে তাদের (মেসি ও ডি পল) উপস্থিতি পুরো দলের মনোবল বাড়িয়ে দিয়েছে এবং এতে আমি অত্যন্ত খুশি।

মেসির অনুপস্থিতিতেও দুর্দান্ত ছন্দে রয়েছে ইন্টার মিয়ামি। গত ৯ মে থেকে শুরু হওয়া টানা জয়ের ধারা বজায় রেখে দলটি এখন সপ্তম জয়ের সন্ধানে রয়েছে। ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জয়ী মিয়ামি বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের বেশ কাছে অবস্থান করছে। বর্তমানে শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে তারা মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এই ম্যাচে দর্শকদের বাড়তি আকর্ষণে থাকবেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। গত সপ্তাহে অভিষেক হওয়া এই ফুটবলারের জন্য এটিই হবে ঘরের মাঠে প্রথম ম্যাচ। এছাড়া উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজও রয়েছেন ফর্মের তুঙ্গে। বিশ্বকাপের বিরতির পর খেলা দুই ম্যাচে তিনি তিনটি গোল করেছেন এবং সবশেষ তিন ম্যাচে তার গোলসংখ্যা ছয়টি।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ