ATN
শিরোনাম
  •  

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, জর্দার কৌটা ও পান পাওয়া গেল বস্তায়

         
দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, জর্দার কৌটা ও পান পাওয়া গেল বস্তায়

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, জর্দার কৌটা ও পান পাওয়া গেল বস্তায়

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ পরিত্যক্ত দুটি বস্তু ঘিরে শনিবার (১ আগস্ট) সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, উদ্ধার হওয়া কোনো বস্তুতেই বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সংশ্লিষ্ট থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পর ব্যাগটি এক্স-রে করে ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখতে পাওয়া যায়।

পরে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিষ্ক্রিয় করা হয়। পরীক্ষা শেষে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল একটি জর্দার কৌটা ও পান। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও একই ধরনের সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। পরে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, এর ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তায় পুলিশ সবসময় সতর্ক রয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো বস্তু দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যাচাই ছাড়া কোনো গুজব বা তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করার অনুরোধ করেছে পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ