ATN
শিরোনাম
  •  

সেউতায় ৫৭ মরদেহ উদ্ধার, ফিরতে শুরু করেছেন অভিবাসনপ্রত্যাশীরা

         
সেউতায় ৫৭ মরদেহ উদ্ধার, ফিরতে শুরু করেছেন অভিবাসনপ্রত্যাশীরা

সেউতায় ৫৭ মরদেহ উদ্ধার, ফিরতে শুরু করেছেন অভিবাসনপ্রত্যাশীরা

স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপক ঢলের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশির ভাগই মরক্কোর ফনিদেক উপকূল থেকে সাঁতরে সেউতায় যাওয়ার পথে পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া পদদলিত হয়ে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে মরক্কো সীমান্ত পেরিয়ে ৫০ হাজারেরও বেশি মানুষ সেউতায় প্রবেশ করেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৮ হাজার ৩০০ জন মরক্কোতে ফিরে গেছেন এবং বাকিদেরও দ্রুত ফিরিয়ে নেওয়া হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মরক্কো স্পেন-মরক্কো সাগর সীমান্তজুড়ে সামরিক ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। অন্যদিকে সেউতা সীমান্তে সেনা মোতায়েন করেছে স্পেনও। দুই দেশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে নতুন করে অভিবাসীদের প্রবেশ কার্যত বন্ধ হয়ে গেছে।

সেউতা ও মেলিলা ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত স্পেনের দুটি ছিটমহল, যা আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসংযোগ। উন্নত জীবনের আশায় বহু অভিবাসনপ্রত্যাশী প্রায়ই এই সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। ফনিদেক থেকে সেউতায় পৌঁছাতে প্রায় পাঁচ কিলোমিটার সাঁতার কাটতে হয়।

ঘটনার পর শুক্রবার সেউতা সফর করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, সীমান্তে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি ও সক্ষমতা কাজে লাগাচ্ছে। তিনি এ ঘটনাকে স্পেনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেন।

স্পেনের কর্তৃপক্ষের ধারণা, দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়কে মানবপাচারকারী চক্র ভুলভাবে প্রচার করায় বিপুলসংখ্যক মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেছেন। তবে মরক্কোর মানবাধিকারকর্মীরা এ ব্যাখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, অধিকাংশ অভিবাসীই ওই আইনি রায়ের বিষয়ে অবগত ছিলেন না।

এদিকে সেউতা থেকে ফিরে আসা ২০ বছর বয়সী মরক্কোর নাগরিক আয়মান রয়টার্সকে জানান, সেউতায় পৌঁছানোর পর তিনি কোনো খাবার পাননি। তিনি বলেন, স্পেনের সেনাবাহিনী তাদের বের করে দিয়েছে এবং এমন পরিস্থিতিতে তিনি নিজেও ফিরে আসার সিদ্ধান্ত নেন।

সূত্র: রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ