ATN
শিরোনাম
  •  

উখিয়ায় মার্কিন বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি: ‘নিরাপদে নিজ দেশে ফিরতে চাই’

         
উখিয়ায় মার্কিন বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি: ‘নিরাপদে নিজ দেশে ফিরতে চাই’

উখিয়ায় মার্কিন বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি: ‘নিরাপদে নিজ দেশে ফিরতে চাই’

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে আশ্রিত রোহিঙ্গাদের কাছ থেকে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি শুনেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সার্জিও গোরের গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা। শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে তারা নিরাপদে নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারেন।

রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, “বছরের পর বছর ধরে ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছি। নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত আমরা নিজ দেশে ফিরতে চাই। শরণার্থী হিসেবে আর জীবন কাটাতে চাই না।”

রোহিঙ্গা অধিকারকর্মীদের মতে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস ঘটনাকে প্রথমবারের মতো ‘গণহত্যা’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তারা।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর সংগঠক মাস্টার সৈয়দ উল্লাহ বলেন, “বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে কোনো মানুষ চিরকাল নিজের দেশ ছেড়ে অন্যের আশ্রয়ে থাকতে চায় না। আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে আমরা নিরাপদে মাতৃভূমিতে ফিরতে পারি।”

তিনি আরও বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, ন্যায়বিচার, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা থাকতে হবে। একই সঙ্গে প্রত্যাবাসন-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অংশগ্রহণও নিশ্চিত করার দাবি জানান তিনি।

এর আগে শুক্রবার দুপুরে সার্জিও গোরের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার উদ্দেশে রওনা হয়। দুপুর ১টার দিকে তারা উখিয়ায় পৌঁছে সংক্ষিপ্ত বিরতির পর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শুরু করেন। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া ৮ ওয়েস্ট (৮ ডব্লিউ) ও ৬ নম্বর ক্যাম্পও ঘুরে দেখেন তারা।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিন শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ