ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানা বিক্রির পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ

         
বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানা বিক্রির পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ

বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানা বিক্রির পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ

ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার প্রতিবাদে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেছেন। শুক্রবার তাৎক্ষণিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি এই পরিকল্পনাকে ফুটবলের জন্য ‘খারাপ চুক্তি’ বলে মন্তব্য করেন।

গত মঙ্গলবার ফিফা ২০ বিলিয়ন ডলার মূল্যের নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের পরিকল্পনা প্রকাশ করে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন বড় টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি এফএফই-এর সর্বোচ্চ ২০ শতাংশ মালিকানা বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির সুযোগ রাখা হয়েছে।

পরিকল্পনাটি ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রথমে ইউয়েফা এর বিরোধিতা করে। পরে সংস্থাটির ৫৫টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তে সমর্থন জানায়। এরপর কনকাকাফের ৪১টি সদস্য সংস্থা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও প্রকাশ্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে।

বাড়তে থাকা চাপের মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন কর্দেইরো। ২০২১ সালে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া সাবেক এই ব্যাংকার এক বিবৃতিতে বলেন, “ফিফা সভাপতির জ্যেষ্ঠ উপদেষ্টা, সাবেক ব্যাংকার এবং আজীবনের ফুটবলপ্রেমী হিসেবে বিশ্বকাপের একটি অংশ বিক্রির পরিকল্পনার সময় আমি নীরব থাকতে পারি না।”

তিনি জানান, এই পরিকল্পনা প্রণয়নে তার কোনো ভূমিকা ছিল না এবং শুরু থেকেই তিনি এর “দ্ব্যর্থহীন বিরোধিতা” করে আসছেন। তার ভাষায়, “এটি ফিফার সদস্য দেশগুলোর জন্য খারাপ, ফুটবলের জন্য খারাপ এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যতের জন্যও ক্ষতিকর একটি চুক্তি।”

ব্যাংকিং খাতে ৩৫ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কর্দেইরো বলেন, বিশ্বকাপের মতো মূল্যবান সম্পদের অংশ বিক্রির দীর্ঘমেয়াদি প্রভাব তিনি ভালোভাবেই বোঝেন। তাই তার মতে, ফিফার এই প্রস্তাব সদস্য দেশগুলোর উচিত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা।

কর্দেইরোর পদত্যাগের ফলে ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে বিতর্ক আরও তীব্র হওয়ার পাশাপাশি সংস্থাটির ওপর আন্তর্জাতিক ফুটবল মহলের চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ