ATN
শিরোনাম
  •  

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা আডভানি

         
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা আডভানি

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা আডভানি

বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি সম্প্রতি দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–কে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন। সিনেমাটির কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যে অভিনয় করায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েন তিনি। বিশেষ করে মা হওয়ার পর এমন চরিত্রে অভিনয় করাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করেন।

তবে এসব সমালোচনায় নীরব না থেকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কিয়ারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমাটির গল্প এবং তার চরিত্রই তাকে এই প্রকল্পে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

কিয়ারা বলেন, “গল্পটা প্রথম যখন শুনি, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চরিত্রটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময় এমন চ্যালেঞ্জিং চরিত্রেরই খোঁজ করি। আমার মনে হয়েছে, ক্যারিয়ারের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে এমন কঠিন একটি চরিত্র করার আত্মবিশ্বাস অর্জন করেছি।”

নারী চরিত্রের প্রচলিত উপস্থাপন নিয়েও নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষায়, “আমি চাই না, নারীদের এক ধরনের চরিত্রে আটকে রাখা হোক। আমরা তার চেয়ে অনেক বেশি এগিয়ে। তাহলে পর্দার চরিত্রও কেন তেমন হবে না?” কিয়ারা মনে করেন, চলচ্চিত্রে নারী চরিত্রগুলোকে আরও শক্তিশালী, স্বতন্ত্র ও বাস্তবধর্মীভাবে তুলে ধরা উচিত।

যদিও ‘টক্সিক’ সিনেমায় কিয়ারার চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি, তবে জানা গেছে তিনি ‘নাদিয়া’ চরিত্রে যশের বিপরীতে অভিনয় করছেন। সিনেমাটির সাহসী উপস্থাপন ইতোমধ্যেই দর্শক ও অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

উল্লেখ্য, ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও পরিচালক গীতু মোহনদাস। পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন গীতু মোহনদাস। সিনেমাটি ইংরেজি ও কন্নড় ভাষায় একসঙ্গে নির্মিত হয়েছে। পরবর্তীতে এটি হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ