ATN
শিরোনাম
  •  

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

         
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

বেলুচিস্তানে কয়লা খনি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দুটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৮ জন শ্রমিক।

বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে সোরাঞ্জ এলাকার একটি কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খনির মালিক কুরবান জোগেজাই জানিয়েছেন, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন। নিহত ও নিখোঁজ শ্রমিকদের সবাই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার বাসিন্দা।

দুর্ঘটনার পরপরই বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) উদ্ধারকারী দল অভিযান শুরু করে। শুক্রবার উদ্ধারকারী দলের এক সদস্য জানান, নিখোঁজ শ্রমিকদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে, একই দিনে বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লা খনিতে পাথর ধসে একজন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশে বেশ কয়েকটি কয়লা খনি রয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা ও সতর্কতামূলক ব্যবস্থার ঘাটতির কারণে এসব খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটে।

এর আগে চলতি জুলাই মাসের শুরুতে সিন্ধুর থাট্টা জেলার কোহিস্তান এলাকায় একটি কয়লা খনিতে ধসের ঘটনায় চার শ্রমিক নিহত এবং পাঁচজন গুরুতর আহত হন।

সূত্র : রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ