ATN
শিরোনাম
  •  

শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দেওয়া হয়নি: ভারত সরকার

         
শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দেওয়া হয়নি: ভারত সরকার

শেখ হাসিনা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়নি বলে দেশটির সংসদীয় কমিটিকে জানিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো প্রত্যর্পণ অনুরোধ এবং তার দেশে ফেরার সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে এ অবস্থান জানিয়েছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, ঢাকার পাঠানো প্রত্যর্পণ অনুরোধটি সংশ্লিষ্ট আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পর্যালোচনা করা হচ্ছে।

পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি ভারতের মানবিক ঐতিহ্য ও বিপদগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির আলোকে বিবেচনা করা হয়েছে। তবে একই সঙ্গে ভারত তার দীর্ঘদিনের নীতি বজায় রেখেছে যে, নিজের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।

বিরোধী দল কংগ্রেসের এমপি শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে জানিয়েছে, মানবিক বিবেচনা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন।

এদিকে, বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হতে পারে।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া অনুরোধটি ভারতের অভ্যন্তরীণ আইন ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং প্রতিটি অনুরোধ সংশ্লিষ্ট দেশের আইন, দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী বিবেচনা করা হয়।

তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেনি ভারত সরকার।

এদিকে, সংসদীয় কমিটি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে। ভিসা সীমিত থাকায় জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে কমিটি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর বন্ধ থাকা বাংলাদেশিদের পর্যটন ভিসা ২০২৬ সালের ২৮ জুন আবার চালু করেছে ভারত।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ