ATN
শিরোনাম
  •  

নেইমারের পর ব্রাজিলকে বিদায় বললেন কাসেমিরো ও দানিলো

         
নেইমারের পর ব্রাজিলকে বিদায় বললেন কাসেমিরো ও দানিলো

নেইমারের পর ব্রাজিলকে বিদায় বললেন কাসেমিরো ও দানিলো

নেইমারের অবসরের পর এবার ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে বিদায় নিচ্ছেন আরও দুই অভিজ্ঞ তারকা—মিডফিল্ডার কাসেমিরো ও ডিফেন্ডার দানিলো। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিশ্বকাপের মধ্য দিয়েই ব্রাজিলের একটি সফল প্রজন্মের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “এই বিশ্বকাপের মধ্য দিয়ে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের যাত্রা শেষ হয়েছে। নেইমারের পাশাপাশি দানিলো ও কাসেমিরোর জাতীয় দলের অধ্যায়ও এখানেই শেষ।”

বর্তমানে ৩৪ বছর বয়সী কাসেমিরো জাতীয় দলের হয়ে খেলেছেন ৯১টি ম্যাচ। বিশ্বকাপ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তিনি ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন, যেখানে তার সতীর্থ হবেন লিওনেল মেসি। অন্যদিকে ৩৫ বছর বয়সী দানিলো জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৭৫টি ম্যাচ এবং বর্তমানে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে খেলছেন। সর্বশেষ বিশ্বকাপে দুজনই ব্রাজিলের পাঁচটি ম্যাচেই একাদশে ছিলেন।

এর আগে গত মঙ্গলবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা তারকা নেইমার। তিনি বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। এই জার্সির জন্য আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। এখন নতুনদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে।”

আনচেলত্তি জানিয়েছেন, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যে নতুন দল গঠনের কাজ শুরু হয়েছে। তার লক্ষ্য এখন ২০২৮ সালের কোপা আমেরিকাকে সামনে রেখে প্রতিযোগিতামূলক একটি দল গড়ে তোলা।

তিনি বলেন, “আমরা তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের সুযোগ দেব। তবে অভিজ্ঞদের সবাইকে একসঙ্গে বাদ দেওয়া হবে না। যারা এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, তাদের পরিকল্পনায় রাখা হবে।”

উদাহরণ হিসেবে তিনি অভিজ্ঞ ডিফেন্ডার মারকিনিওসের নাম উল্লেখ করেন। আনচেলত্তির মতে, নতুন ও অভিজ্ঞদের সমন্বয়েই গড়ে তোলা হবে আগামী দিনের ব্রাজিল দল।

নতুনভাবে সাজানো ব্রাজিল দলের প্রথম পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের পর ভারতেও একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ