ATN
শিরোনাম
  •  

‘মেসি ফুটবলের দেবতা, তার সঙ্গে খেলতেই মায়ামিতে এসেছি’

         
‘মেসি ফুটবলের দেবতা, তার সঙ্গে খেলতেই মায়ামিতে এসেছি’

মিডফিল্ডার ক্যাসেমিরো। ফাইল ছবি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্ন পূরণ করতেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। মেসিকে ‘ফুটবলের দেবতা’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের পাশে খেলতে পারাটাই তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। একই সঙ্গে মেসিকে আরও শিরোপা জিততে সহায়তা করাই এখন তার প্রধান লক্ষ্য।

গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো। ২০২৭ মৌসুম পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। চুক্তিতে মেয়াদ আরও বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও কেন ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে ক্যাসেমিরো বলেন, তিনি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে খেলতেই যুক্তরাষ্ট্রে এসেছেন।

ক্যাসেমিরো বলেন, “আমার মনে কোনো সন্দেহ নেই, আমি এখানে এসেছি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে খেলতে। আমি এটা উপভোগ করতে চাই এবং তাকে আরও শিরোপা জিততে সাহায্য করতে চাই। সে একজন জন্মগত বিজয়ী। জয়ের মানসিকতা ও প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষুধা তার মধ্যে সবসময়ই রয়েছে।”

তিনি জানান, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইতালিসহ ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে আকর্ষণীয় প্রস্তাব পেয়েছিলেন। তবে সবকিছু বিবেচনা করেই ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন।

তার ভাষায়, “আমি এমন একটি জায়গায় এসেছি, যেখানে আমি নিজেই আসতে চেয়েছি। আমি তার পাশে খেলতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই। সে ফুটবলের অন্যতম সেরা, নাকি ফুটবলের দেবতা—সেটা বলা কঠিন। আমি শুধু তার সঙ্গে খেলতে এবং দলকে সফল করতে চাই।”

রিয়াল মাদ্রিদের জার্সিতে দীর্ঘদিন খেলেছেন ক্যাসেমিরো। সেই সময়ে এল ক্লাসিকোতে বহুবার বার্সেলোনার হয়ে খেলা মেসির মুখোমুখি হয়েছেন তিনি। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে ব্রাজিলিয়ান তারকা বলেন, মেসিকে থামানো ছিল অত্যন্ত কঠিন।

ক্যাসেমিরো বলেন, “মেসি অতীতে আমাকে অনেক কষ্ট দিয়েছে। তখন থেকেই একদিন তার সঙ্গে একই দলে খেলার ইচ্ছা ছিল। আমি সবসময় বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চেয়েছি। রিয়ালে থাকতে তাকে কখনোই একা থামাতে পারিনি, সবসময় সতীর্থদের সহযোগিতা লাগত। এখন তার সতীর্থ হতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং তার সঙ্গে ট্রফি জিততে চাই।”

এরই মধ্যে সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে ক্যাসেমিরোর। অন্যদিকে বিশ্বকাপ-পরবর্তী বিশ্রাম শেষে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসিও। ফলে খুব শিগগিরই ইন্টার মায়ামির জার্সিতে প্রথমবারের মতো একই একাদশে দেখা যেতে পারে সাবেক দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেই বহুল প্রতীক্ষিত মুহূর্তের।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ