ATN
শিরোনাম
  •  

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

         
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

শুধু ওষুধ দিয়ে একটি জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়। রোগ নিরাময়ের পাশাপাশি এখন রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান—নিপসমে ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতের গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় এখন শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়ার সময় এসেছে। জন্মের পর থেকেই, এমনকি শূন্য বয়স থেকে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কার্যকর ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা গেলে অনেক রোগের ঝুঁকি আগেই কমিয়ে আনা সম্ভব।

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, একজন চিকিৎসকের আন্তরিক আচরণ, হাসিমুখ এবং সহমর্মিতা রোগীর চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। অনেক ক্ষেত্রে ভালো ব্যবহার ও সঠিক পরামর্শ রোগীকে দ্রুত সুস্থ হতে মানসিক শক্তি জোগায়। তাই চিকিৎসকদের শুধু ওষুধ দেওয়াই নয়, মানবিক আচরণের মাধ্যমেও রোগীর পাশে দাঁড়াতে হবে।

দেশে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘদিন কষ্ট ভোগ করতে হয়। তাই চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। কোনো নাগরিক যেন স্বাস্থ্যসেবার বাইরে না থাকে, সে লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব শিগগিরই দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত স্বাস্থ্যসেবা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশুদের হামে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, অপুষ্টি এবং মাতৃদুগ্ধ না পাওয়ার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। জন্মের পর শিশুকে শালদুধ খাওয়ানো, পর্যাপ্ত মাতৃদুগ্ধ নিশ্চিত করা এবং সুষম খাদ্য গ্রহণের বিষয়ে পরিবারকে আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এম. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্য খাতে দক্ষ গবেষক তৈরিতে নিপসম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি রোগ প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা এবং হেলথ কার্ডের সঙ্গে কার্যকর রোগী রেফারেল ব্যবস্থা সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ