ATN
শিরোনাম
  •  

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২, উদ্ধার অস্ত্র ও মোটরসাইকেল

         
মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২, উদ্ধার অস্ত্র ও মোটরসাইকেল

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিরপুর মডেল থানার সেকশন-৬ এলাকায় ১৭ থেকে ১৮ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালায় মিরপুর মডেল থানা পুলিশের একটি দল।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ছাব্বির আহম্মেদ অর্পূব (২১) এবং তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খান (২৩)-কে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ধারালো চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার দুজন একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা অন্য সহযোগীদের নিয়ে ওই এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খানের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ