ATN
শিরোনাম
  •  

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩ হাজার ১৭২ মামলা

         
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩ হাজার ১৭২ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ১৭২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানে ৭১৫টি যানবাহন ডাম্পিং এবং ১৮৬টি যানবাহন রেকার করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিয়ন্ত্রণ এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, অভিযানে রাজধানীর বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-মিরপুর বিভাগে সবচেয়ে বেশি মামলা হয়েছে। এ বিভাগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৯৪৬টি মামলা করা হয়। এর মধ্যে ১২৪টি বাস, ৪০টি ট্রাক, ৮০টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি এবং ৪৫০টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৭১৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১০২টি বাস, ৭৫টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১১২টি সিএনজি এবং ১৮৩টি মোটরসাইকেল রয়েছে।

এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪০১টি, মতিঝিল বিভাগে ৩১৯টি, তেজগাঁও বিভাগে ২৫৬টি, গুলশান বিভাগে ২১৬টি, লালবাগ বিভাগে ১৮০টি এবং রমনা বিভাগে ১৪০টি মামলা করা হয়েছে।

অভিযানে বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধের মধ্যে অবৈধ পার্কিং, সড়ক আইন অমান্য, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, নির্ধারিত নিয়ম ভঙ্গসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন মেনে চলতে চালক ও পথচারীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ