ATN
শিরোনাম
  •  

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন আইইউবির অধ্যাপক ড. শাহ এমরান

         
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন আইইউবির অধ্যাপক ড. শাহ এমরান

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন আইইউবির অধ্যাপক ড. শাহ এমরান

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২৬ জুলাই বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী চার বছরের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করে।

একই প্রজ্ঞাপনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে মোট তিনজন পূর্ণকালীন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে অধ্যাপক ড. শাহ এমরান অন্যতম। নিয়োগের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক এমরান ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। একাডেমিয়ায় যোগদানের আগে তিনি দেশের ওষুধশিল্পে কর্মরত ছিলেন। তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ও ইউনিক ফার্মাসিউটিক্যালসে প্রোডাকশন ফার্মাসিস্ট এবং জেসন ফার্মাসিউটিক্যালসে কোয়ালিটি অ্যাশিওরেন্স কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ, ২০২৫ সালে আইইউবিতে অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি।

গবেষণায়ও রয়েছে অধ্যাপক ড. শাহ এমরানের উল্লেখযোগ্য অবদান। দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে তার ১৭৫টির বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ১৬টি বই এবং পাঁচটি বইয়ের অধ্যায়ের রচয়িতা। তার তত্ত্বাবধানে তেইশজন এমফার্ম, পাঁচজন এমফিল এবং ছয়জন পিএইচডি গবেষক সফলভাবে গবেষণা সম্পন্ন করেছেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন কার্যক্রম পরিচালনাকারী একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর অধীনে প্রতিষ্ঠিত এই সংস্থা জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয় ও তাদের শিক্ষা কার্যক্রমের অ্যাক্রেডিটেশন প্রদান করে।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ