ATN
শিরোনাম
  •  

বাবার ‘ক্রুজ’ পদবী বাদ দিলেন টম ক্রুজের মেয়ে সুরি

         
বাবার ‘ক্রুজ’ পদবী বাদ দিলেন টম ক্রুজের মেয়ে সুরি

বাবার ‘ক্রুজ’ পদবী বাদ দিলেন টম ক্রুজের মেয়ে সুরি

হলিউড অভিনেতা টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র কন্যা সুরি আনুষ্ঠানিকভাবে নিজের নাম থেকে বাবার পদবী ‘ক্রুজ’ বাদ দিয়েছেন। এখন থেকে তিনি ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হবেন।

আন্তর্জাতিক বিনোদনমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলি–এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮ বছর বয়সী সুরির ভোটার নিবন্ধনের সরকারি নথিতে নতুন নাম ‘সুরি নোয়েল’ নিবন্ধিত হয়েছে। ‘নোয়েল’ মূলত তার মা কেটি হোমসের মধ্যনাম।

এর আগে ২০২৪ সালে নিউইয়র্কের লা গার্ডিয়া হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করার সময়ও সনদপত্রে ‘সুরি নোয়েল’ নাম ব্যবহার করেছিলেন তিনি। তবে ভোটার নিবন্ধনের মাধ্যমে এবার আনুষ্ঠানিকভাবে সরকারি নথিতেও নতুন নাম অন্তর্ভুক্ত করলেন সুরি।

টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদ হয় ২০১২ সালে। এরপর থেকেই সুরি মায়ের সঙ্গেই বড় হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত প্রায় ১৪ বছর ধরে বাবার সঙ্গে তার কোনো নিয়মিত যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি।

২০০৫ সালে সম্পর্কে জড়ানোর পর ২০০৬ সালে ইতালিতে বিয়ে করেন টম ক্রুজ ও কেটি হোমস। একই বছর জন্ম হয় সুরির। তবে বিয়ের প্রায় পাঁচ বছর পর ২০১২ সালের জুনে বিবাহবিচ্ছেদের আবেদন করেন কেটি হোমস।

বাবা-মেয়ের দূরত্বের বিষয়টি আবারও আলোচনায় আসে ২০২৪ সালে সুরির হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের সময়। জীবনের গুরুত্বপূর্ণ সেই অনুষ্ঠানে টম ক্রুজ উপস্থিত ছিলেন না। সে সময় তাকে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পপ তারকা টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ কনসার্টে অংশ নিতে দেখা যায়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ