ATN
শিরোনাম
  •  

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প: নিহত ১৩, ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধার অভিযান

         
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প: নিহত ১৩, ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধার অভিযান

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প: নিহত ১৩, ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধার অভিযান

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে।

মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে উদ্ধারকারী দল। তিনি বলেন, আটকে পড়াদের উদ্ধারে সরকারের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) কিউশুর কুমামোতো জেলার উপকূলীয় এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের প্রায় ২০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় এর কম্পন ব্যাপকভাবে অনুভূত হয় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুমামোতো জেলা।

ভূমিকম্পে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ৩৬ হাজারেরও বেশি বাড়িঘর এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এছাড়া জেলার অধিকাংশ সড়কে ফাটল দেখা দেওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

ভূমিকম্পের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বুধবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর কুমামোতোর একটি শপিংমলে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজের কারণে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে ২০ বছর বয়সী দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সেখানে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কায় বহু মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। প্রায় সাত লাখ মানুষের বসবাসের এই শহরে বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে হিটস্ট্রোকের ঝুঁকি নিয়েও সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ