ATN
শিরোনাম
  •  

ইরানে আরও ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

         
ইরানে আরও ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে আরও ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের ইসফাহান শহরের আলিখানি স্কয়ারে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে আজ (মঙ্গলবার) ভোরে আরও দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, ওই এলাকায় ফাঁসির মঞ্চ নির্মাণের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন আমিরহোসেন সাফারি ও আবুলফজল সেপাহি। তারা গত জানুয়ারিতে ইরানে সংঘটিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

খবরে বলা হয়, সোমবার রাতে আলিখানি স্কয়ার এলাকায় ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। স্কয়ারের আশপাশে জড়ো হওয়া মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

‘আলিখানি স্কয়ার মামলা’ নামে পরিচিত এ ঘটনায় মোট ১২ তরুণকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে ১৯ জুলাই প্রথম দফায় গলমোহাম্মদ মোহাম্মাদী ও এরফান এসফানদিয়ারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সর্বশেষ আরও দুজনের ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের সাজা কার্যকর হলো। বাকি আটজনের মৃত্যুদণ্ডও ধাপে ধাপে কার্যকর করা হবে বলে জানা গেছে।

ইরান কর্তৃপক্ষের দাবি, জানুয়ারির বিক্ষোভ চলাকালে চারজন নিরাপত্তাকর্মীকে হত্যা এবং অগ্নিসংযোগের ঘটনায় এসব আসামি জড়িত ছিলেন। তবে জাতিসংঘের বিশেষজ্ঞরা, বিশেষ করে ইরানে মানবাধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার মাই সাতো, মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন।

জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, রুদ্ধদ্বার কক্ষে একক শুনানির মাধ্যমে ১২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া এবং প্রত্যেক আসামির নির্দিষ্ট দায় স্পষ্টভাবে উপস্থাপন না করা ন্যায়বিচারের পরিপন্থী। তারা আরও উল্লেখ করেন, অভিযুক্তদের অধিকাংশের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। গোপন বিচার, টেলিভিশনে প্রচারিত কথিত জোরপূর্বক আদায় করা জবানবন্দি এবং জনসম্মুখে রায় প্রকাশ না করেই এই দণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে ইরান মৃত্যুদণ্ড কার্যকর অব্যাহত রেখেছে।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ