ATN
শিরোনাম
  •  

শাপলা চত্বরের ঘটনা উপেক্ষা করবে না সরকার, হবে সুষ্ঠু বিচার: তথ্য উপদেষ্টা

         
শাপলা চত্বরের ঘটনা উপেক্ষা করবে না সরকার, হবে সুষ্ঠু বিচার: তথ্য উপদেষ্টা

শাপলা চত্বরের ঘটনা উপেক্ষা করবে না সরকার, হবে সুষ্ঠু বিচার: তথ্য উপদেষ্টা

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে এবং এ ঘটনাকে সরকার কোনোভাবেই উপেক্ষা করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে, সেখানে যে-ই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে। সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সময় যদি কোনো আইন লঙ্ঘিত হয়ে থাকে, তবে তারও জবাবদিহি হতে হবে।

তিনি বলেন, “আমাদের মনে আছে কীভাবে মানুষকে সেখানে ডেকে আনা হয়েছিল, আসতে দেওয়া হয়েছিল এবং পরে সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনার ভালো বিচার এই সরকারের আমলেই হবে। সরকার এটিকে উপেক্ষা করার কোনো কারণ দেখছে না।”

উপদেষ্টা আরও বলেন, তৎকালীন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াও ওই ঘটনার প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। ফলে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় সরকারবিরোধী লোকজন স্নাইপার ব্যবহার করে মানুষ হত্যা করেছে—এমন একটি বর্ণনা প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যা সম্পূর্ণ ভুল। তিনি দাবি করেন, পুলিশের ব্যবহৃত টাইপ-৫৬ (এসকেএস) রাইফেলের গুলির সঙ্গে নিহতদের শরীরে পাওয়া গুলির মিল রয়েছে। এছাড়া পুলিশ ও বিজিবির প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি চালানোর ছবি ও ভিডিওও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তার ভাষ্য, “পুলিশের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল, বিজিবির কাছেও ছিল। তাদের গুলি চালানোর ছবি ও ভিডিও রয়েছে। তাই এ বিষয়ে তথাকথিত তদন্তের আর কিছু অবশিষ্ট নেই।”

রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী দায়িত্বে থাকা অবস্থায় কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে তিনি দায়িত্ব ছাড়ার পর, দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগের বিষয়ে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

তিনি স্পষ্ট করেন, বর্তমান বিদায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেননি। এটি কেবল একটি সাধারণ সাংবিধানিক ব্যাখ্যা, যা এ বিষয়ে বিদ্যমান বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ