ATN
শিরোনাম
  •  

সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের তিন বছরের কারাদণ্ড

         
সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের তিন বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের তিন বছরের কারাদণ্ড

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীকে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর এস.এম. আবুল কালাম (আজাদ)।

এর আগে গত ১৫ জুলাই দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ২৮ জুলাই দিন ধার্য করেন। শুনানিতে দুদকের পক্ষ থেকে এসকে সুরের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড চাওয়া হয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার তাকে খালাস দেওয়ার আবেদন জানান।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এসকে সুর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ জমা দিতে নোটিশ জারি করে দুদক।

২০২৪ সালের ২৭ অক্টোবর এসকে সুর নিজ স্বাক্ষরে সম্পদের হিসাব বিবরণী দাখিলের আদেশ ও নির্ধারিত ফরম গ্রহণ করলেও আইন অনুযায়ী ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।

পরে দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৬ নভেম্বর এসকে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এসকে সুরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ