ATN
শিরোনাম
  •  

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে করদাতারা পাবেন ৫% সুবিধা

         
সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে করদাতারা পাবেন ৫% সুবিধা

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে করদাতারা পাবেন ৫% সুবিধা

নির্ধারিত সময়ের আগেই আয়কর রিটার্ন দাখিল করলে করদাতাদের জন্য করছাড়ের সুযোগ চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধান অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে। তবে দুটি হিসাবের মধ্যে যেটি কম, সেই পরিমাণ ছাড় কার্যকর হবে।

এনবিআরের নতুন নিয়ম অনুযায়ী, সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকলেও দাখিলের সময়ের ওপর নির্ভর করবে করছাড় বা অতিরিক্ত অর্থ পরিশোধের বিষয়টি।

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো করদাতার পরিশোধযোগ্য করের ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। যেমন, কারও পরিশোধযোগ্য কর এক লাখ টাকা হলে তিনি ৫ হাজার টাকা ছাড় পেয়ে ৯৫ হাজার টাকা পরিশোধ করবেন। আর ৫০ হাজার টাকা কর হলে ছাড় পাবেন ২ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো করছাড় বা জরিমানা ছাড়াই নির্ধারিত কর পরিশোধ করতে হবে।

জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ দিতে হবে। তবে জরিমানার পরিমাণ ৩ হাজার টাকার বেশি হবে না।

এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রেও জরিমানার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা।

উদাহরণ হিসেবে, কোনো করদাতার পরিশোধযোগ্য কর এক লাখ টাকা হলে জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে তাকে এক লাখ দুই হাজার টাকা এবং এপ্রিল থেকে জুনের মধ্যে জমা দিলে এক লাখ পাঁচ হাজার টাকা পরিশোধ করতে হবে।

এনবিআর জানিয়েছে, বর্তমানে দেশে সোয়া এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী রয়েছেন। গত অর্থবছরে ৪৫ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

করদাতারা এনবিআরের ই-রিটার্ন পোর্টালে লগইন করে বার্ষিক আয়, বিনিয়োগ, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার পর ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধের সুযোগ থাকবে।

সফলভাবে রিটার্ন দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।

সময়মতো রিটার্ন জমা দিতে উৎসাহিত করতেই আগাম রিটার্নে করছাড় এবং বিলম্বিত রিটার্নে অতিরিক্ত অর্থ পরিশোধের এই ব্যবস্থা চালু করেছে এনবিআর।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ