ATN
শিরোনাম
  •  

শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত

         
শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত

শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ও যাত্রীচাপ বেড়ে যাওয়ায় নতুন করে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সম্প্রতি দেশের ৩৮টি বিদেশি এয়ারলাইন্সকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বেবিচক জানিয়েছে, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৪০ থেকে ১৬০টি আন্তর্জাতিক এবং ১২৫ থেকে ১৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি প্রতিদিন ১০ থেকে ১৬টি আন্তর্জাতিক কার্গো ফ্লাইটও চলাচল করছে। ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টারসহ সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৩১৬টি উড়োজাহাজ ওঠানামা করছে।

এতে বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে, টার্মিনাল, অ্যারোব্রিজ, চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন ও ব্যাগেজ ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চিঠিতে উল্লেখ করা হয়, যেসব এয়ারলাইন্সের বাংলাদেশে পরিচালন বেজ নেই, তারা তৃতীয় টার্মিনাল চালুর আগে অনুমোদিত সময়সূচি ও নির্ধারিত ফ্রিকোয়েন্সির বাইরে অতিরিক্ত যাত্রীবাহী ফ্লাইটের আবেদন করতে পারবে না। এমনকি আগে কোনো স্লট বরাদ্দ থাকলেও সেটিকে পরিচালনগত অনুমোদন হিসেবে বিবেচনা করা হবে না।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপ কমাতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের জন্য এয়ারলাইন্সগুলোকে উৎসাহিত করেছে বেবিচক।

বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান বলেন, শাহজালাল বিমানবন্দরে বর্তমানে সক্ষমতার তুলনায় বেশি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে কোনো এয়ারলাইন্স চাইলে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের অনুমোদন নিতে পারবে।

তিনি আরও জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ