ATN
শিরোনাম
  •  

ভারতকে নিয়ে সিরিজ আয়োজনের প্রস্তুতি, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে টিম ইন্ডিয়া

         
ভারতকে নিয়ে সিরিজ আয়োজনের প্রস্তুতি, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে টিম ইন্ডিয়া

ভারতকে নিয়ে সিরিজ আয়োজনের প্রস্তুতি, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে টিম ইন্ডিয়া

দীর্ঘ প্রায় এক বছরের অনিশ্চয়তার পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফরের জন্য সময় বের করতে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে দেওয়ার চিন্তা করছে বিসিসিআই। তবে সফরের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রয়োজন হবে ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদন।

কূটনৈতিক জটিলতার কারণে গত বছর বাংলাদেশ সফরে আসেনি ভারতীয় দল। এরপর আইপিএলে মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কেও কিছুটা দূরত্ব দেখা দেয়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিতে দল পাঠানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে নতুন করে ভারত সফরের সম্ভাবনাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিসিবি। ১ সেপ্টেম্বর থেকে দেশের সব আন্তর্জাতিক ভেন্যু ফাঁকা রাখার পরিকল্পনা করেছে তারা। বিসিসিআইয়ের সুবিধা অনুযায়ী সূচি নির্ধারণের জন্য একাধিক বিকল্পও প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, ভারতের শ্রীলঙ্কা সফর শেষ হবে ২৭ আগস্ট। এরপর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ পিছিয়ে দিলে সেপ্টেম্বরে প্রায় দুই সপ্তাহের সময় পাওয়া যাবে, যা বাংলাদেশ সফরের জন্য ব্যবহার করা হতে পারে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, বাংলাদেশে এসে ভারত তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে পারে। বিসিবি চাইলে একটি ভেন্যুতে টি-টোয়েন্টি এবং অন্য ভেন্যুতে ওয়ানডে আয়োজন করতে পারে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। প্রয়োজনে পুরো সফর এক ভেন্যুতেও আয়োজনের প্রস্তুতি রয়েছে বিসিবির।

লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বৈঠকের ফাঁকে দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তবে পুরো বিষয়টি এখনো নির্ভর করছে ভারত সরকারের অনুমোদনের ওপর।

এদিকে, আফগানিস্তান সিরিজ নিয়ে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণা বিলম্বিত হওয়ার পেছনেও বাংলাদেশ সফরের সম্ভাব্য সূচিকে কারণ হিসেবে দেখা হচ্ছে। বোর্ড ইতোমধ্যে নির্বাচকদের বিষয়টি জানিয়েছে এবং আফগানিস্তান সিরিজের প্রস্তুতিও সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, অতীতের বিষয়গুলো পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায় বিসিসিআই। সব সদস্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখাই তাদের লক্ষ্য।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ