ATN
শিরোনাম
  •  

ইরানের সঙ্গে সংলাপের আগ্রহের কারণেই অভিযান স্থগিত: ট্রাম্প

         
ইরানের সঙ্গে সংলাপের আগ্রহের কারণেই অভিযান স্থগিত: ট্রাম্প

ইরানের সঙ্গে সংলাপের আগ্রহের কারণেই অভিযান স্থগিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আবারও ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করায় তিনি দেশটিতে চলমান মার্কিন সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন।

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে অভিযান বন্ধ করে আলোচনায় বসার জন্য। তিনি বলেন, “তারা খুব ভদ্রভাবে আমাদের বলেছে, ‘দয়া করে অভিযান থামান, আসুন সাক্ষাৎ করি’। আমরা এখন সেই পর্যায়ে আছি। দেখা যাক কী হয়। যদি কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে।”

এর আগে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। অভিযোগ রয়েছে, জুলাইয়ের শুরুতে আন্তর্জাতিক বাণিজ্যপথে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জড়িত ছিল। এরপর ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

জবাবে ইরানের আইআরজিসি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এভাবে টানা ১৩ রাত ধরে পাল্টাপাল্টি হামলার পর ২৫ জুলাই সেন্টকম অভিযান স্থগিত করে। এরপর ইরানও পাল্টা সামরিক কার্যক্রম বন্ধ রাখে।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ইরানের এক সরকারি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা অভিযান স্থগিত রাখবে। তার ভাষ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ইরান ‘হামলার জবাবে হামলা’ নীতি অনুসরণ করছে এবং যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে বার্তাও দেওয়া হয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনের একদিন পরই ট্রাম্প ইরানে মার্কিন অভিযান স্থগিতের কারণ হিসেবে শান্তি আলোচনার সম্ভাবনার কথা তুলে ধরেন।

তবে এর আগে ২৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি সংলাপ শুরুর কোনো পরিকল্পনা তেহরানের নেই।

সূত্র: সিএনএন

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ