ATN
শিরোনাম
  •  

বিনিয়োগে অর্থনীতি এগিয়ে যাবে: অর্থমন্ত্রী

         
বিনিয়োগে অর্থনীতি এগিয়ে যাবে: অর্থমন্ত্রী

বিনিয়োগে অর্থনীতি এগিয়ে যাবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ৮০০ একর জমির ওপর প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ শিল্পাঞ্চলে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ৩০টি চীনা প্রতিষ্ঠান এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো বিনিয়োগ বৃদ্ধি করা। বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার নিয়মকানুন সহজ করছে উল্লেখ করে তিনি চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ জনশক্তি উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেল ও জাতীয় মহাসড়কের সঙ্গে সংযোগ থাকায় আনোয়ারা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাল্টিমোডাল হাব হিসেবে গড়ে উঠছে। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সিইআইজেড প্রকল্প বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।

স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, এই শিল্পাঞ্চল বাণিজ্য, প্রযুক্তি ও অবকাঠামো খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান শিল্পায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ অঞ্চলে আরও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সুযোগ রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চট্টগ্রামের এই চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন চীন-বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। ২০১৪ সালে শুরু হওয়া আলোচনা, ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় চুক্তি স্বাক্ষর এবং পরবর্তী বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এটি দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতা ও পারস্পরিক আস্থার প্রতীক হয়ে উঠেছে।

চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট ওয়াং বেনকিয়ান বলেন, বাংলাদেশের নতুন বিনিয়োগ আইন বিদেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ আরও সহজ করেছে। সিআরবিসির ভাইস চেয়ারম্যান লি চাংগে জানান, শিল্পাঞ্চলের প্রথম ধাপের উৎপাদন কারখানার নির্মাণকাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে এটি আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, দেশে কাঁচামাল উৎপাদন শুরু হলে সরবরাহ সময় ও উৎপাদন ব্যয় কমবে। এতে বাংলাদেশের রপ্তানি খাত আরও প্রতিযোগিতামূলক হবে। তিনি জানান, ডেভেলপার প্রতিষ্ঠান ১৮ মাসের মধ্যে প্রথম কারখানায় উৎপাদন শুরুর প্রতিশ্রুতি দিয়েছে।

অনুষ্ঠানে সাব-লিজ চুক্তি স্বাক্ষর, সিইআইজেডের স্লোগান ও ওয়ান-স্টপ সার্ভিস উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ