ATN
শিরোনাম
  •  

আমিরাতে ভিসা বাতিলের কারণ খুঁজছে বাংলাদেশ দূতাবাস, গুজবে কান না দেওয়ার আহ্বান

         
আমিরাতে ভিসা বাতিলের কারণ খুঁজছে বাংলাদেশ দূতাবাস, গুজবে কান না দেওয়ার আহ্বান

আমিরাতে ভিসা বাতিলের কারণ খুঁজছে বাংলাদেশ দূতাবাস, গুজবে কান না দেওয়ার আহ্বান

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বা ছুটিতে দেশের বাইরে থাকা অনেক বাংলাদেশি প্রবাসীর রেসিডেন্সি ভিসা হঠাৎ করে কোনো কারণ উল্লেখ ছাড়াই বাতিল হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে বিষয়টির কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

সোমবার (২৭ জুলাই) দূতাবাসের এক বার্তায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি নাগরিক, যারা ছুটিতে বা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থান করছেন, তাদের ভিসা আকস্মিকভাবে বাতিল হয়ে যাচ্ছে। এতে আমিরাতে বৈধ রেসিডেন্সি থাকা প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

দূতাবাস জানিয়েছে, বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য ও দিকনির্দেশনা জানতে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। এটি কোনো কারিগরি ত্রুটি নাকি বিশেষ কোনো প্রশাসনিক কারণে ঘটছে, তা জানার চেষ্টা চলছে।

বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে তা প্রবাসীদের জানানো হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় পতাকা, সরকারি প্রতীক ও দূতাবাসের ই-মেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও সতর্ক করেছে দূতাবাস।

প্রবাসীদের উদ্দেশে দূতাবাসের আহ্বান, গুজব বা অনির্ভরযোগ্য তথ্য থেকে দূরে থেকে কেবল সরকারি ও অফিশিয়াল সূত্রের তথ্যের ওপর আস্থা রাখতে হবে। পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন-কানুন মেনে দায়িত্বশীলভাবে চলারও আহ্বান জানানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ