ATN
শিরোনাম
  •  

উত্তর ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে একাধিক বিস্ফোরণ

         
উত্তর ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে একাধিক বিস্ফোরণ

উত্তর ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে একাধিক বিস্ফোরণ

উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে। খোর মোর গ্যাসক্ষেত্র থেকে কুর্দি অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। ফলে হামলার ঘটনায় জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিবাগত গভীর রাতে সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত খোর মোর গ্যাসক্ষেত্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সময়ে প্রায় ২০০ কিলোমিটার দূরের কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইরাকি সংবাদমাধ্যম এবং ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এরবিলে মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, এরবিলের উত্তর-পূর্বাঞ্চলের খালিফান ও সোরান এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত চারটি ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় পুলিশ এসব হামলাকে সন্দেহভাজন ইরানি ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার পর এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন টহল দিতে দেখা যায়। হামলায় লক্ষ্যবস্তু এলাকাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দুটি ড্রোন লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে বিধ্বস্ত হয়।

এদিকে, টানা ১৩ রাত হামলার পর গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখে। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পর ইরানও হামলা থেকে বিরত ছিল। এর মধ্যেই উত্তর ইরাকে নতুন করে এই ড্রোন হামলার ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে হামলা স্থগিত রাখা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার মিশিগানে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ